অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ বাতিল

আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টের সূচি পরিবর্তনের জেরে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে পূর্বনির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে এই সফরে দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আগের সূচি অনুযায়ী যথানিয়মে অনুষ্ঠিত হবে।

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, আগামী ৯ থেকে ২২ অক্টোবর ব্রিজবেন ও সিডনিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় সংস্করণের সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের সিরিজটি বাতিল হয়ে যাওয়ায় এখন আগামী ১৪ অক্টোবরই শেষ হয়ে যাবে নিগার সুলতানা জ্যোতিদের অস্ট্রেলিয়া সফর।

মূলত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৭ সালের নারী চ্যাম্পিয়নস ট্রফির সময়সূচিতে বড় পরিবর্তন আনার কারণেই এমন সিদ্ধান্ত এসেছে। টুর্নামেন্টটি পূর্ব নির্ধারিত জুন-জুলাইয়ের পরিবর্তে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার মাটিতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। আর আইসিসির এই নতুন সূচির সঙ্গে নিজেদের আন্তর্জাতিক ক্যালেন্ডার সামঞ্জস্যপূর্ণ করতেই ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি বাতিলের সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশের বিপক্ষে ছোট ফরম্যাটের এই সিরিজটি বাতিল করে ওই একই সময়ে (অক্টোবরে) নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। পরবর্তীতে ২০২৭ সালের মার্চে আবার ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাবে কিউই নারীরা।

ক্রিকইনফোসহ সিএ-এর ক্রিকেট পরিচালনা বিভাগ জানিয়েছে, আইসিসির মেগা ইভেন্টের নতুন সূচির পর খেলোয়াড় ও দর্শক সবার জন্য একটি ভারসাম্যপূর্ণ সমাধান বের করতেই আন্তর্জাতিক সূচিতে এই জরুরি রদবদল করা হয়েছে। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার পাশে দাঁড়িয়ে ইতিবাচক সাড়া দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং নিউজিল্যান্ড ক্রিকেটকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান কর্মকর্তা পিটার রোচ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের সহযোগিতার জন্য। বিশেষ করে, নিউজিল্যান্ড দুই বার অস্ট্রেলিয়া সফর করতে রাজি হওয়ায় কৃতজ্ঞ।।