সীতাকুণ্ড-সন্দ্বীপ নৌরুটে জাহাজ চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রামের সীতাকুণ্ড-সন্দ্বীপ নৌরুটে যাত্রীবাহী জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এতে নৌপথে চলাচলকারী হাজারো যাত্রী চরম ভোগান্তির পড়েছেন।

সাগরে বৈরী আবহাওয়া ও সতর্ক সংকেতের কারণে টানা দুই দিন বন্ধ থাকার পর গত ১০ জুন নৌরুটে জাহাজ চলাচল পুনরায় শুরু হয়। তবে যাত্রীবাহী জাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বৃহস্পতিবার (১১ জুন) সকাল থেকে আবারও চলাচল বন্ধ হয়ে যায়।

সকালে নির্ধারিত সময়ে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে যাত্রীবাহী জাহাজ এমভি মালঞ্চ ছেড়ে যাওয়ার কথা থাকলেও কারিগরি সমস্যার কারণে যাত্রা বাতিল করা হয়। পরে জাহাজটি ঘাটে রেখে জরুরি ভিত্তিতে মেরামত কাজ শুরু করা হয়।

এমভি মালঞ্চের মাস্টার আমির হোসেন বলেন, জাহাজের গিয়ারে ত্রুটি দেখা দেওয়ায় আজকের যাত্রা বাতিল করা হয়েছে। দ্রুত মেরামতের কাজ চলছে। তবে জাহাজটি কবে নাগাদ পুনরায় চলাচল শুরু করতে পারবে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

বিআইডব্লিউটিসি জানায়, বাঁশবাড়িয়া-গুপ্তছড়া নৌরুটে যাত্রীবাহী জাহাজের পাশাপাশি ফেরির মাধ্যমে যাত্রী ও যানবাহন পরিবহন করা হয়। এছাড়া কুমিরা-গুপ্তছড়া রুটে স্পিডবোট ও ট্রলারের মাধ্যমেও যাত্রী পারাপার হয়ে থাকে। তবে বর্ষা মৌসুমে উত্তাল সাগর ও বৈরী আবহাওয়ার কারণে স্পিডবোট ও ট্রলারে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফলে অধিকাংশ যাত্রী নিরাপদ ও তুলনামূলক স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের জন্য জাহাজ ও ফেরির ওপর নির্ভরশীল।

যাত্রীদের অভিযোগ, ফেরিতে যানবাহন পরিবহনের কারণে যাত্রী ওঠানামায় বিলম্ব ঘটে এবং অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়সূচিও যথাযথভাবে অনুসরণ করা হয় না। এ কারণে নৌপথে চলাচলের ক্ষেত্রে জাহাজকেই অধিক নিরাপদ ও সুবিধাজনক পরিবহন হিসেবে বিবেচনা করেন তারা।

তাই দ্রুত জাহাজটির মেরামত করে পরিবহন ব্যবস্থা পুনরায় চালুর দাবি জানিয়েছেন এই রুটের যাত্রীরা।