জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপির সহায়তা জোরদারের আহ্বান বাংলাদেশের

জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার সম্প্রসারণ এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়া টেকসই ও মসৃণ করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আরও অধিকতর সহায়তা চেয়েছে বাংলাদেশ।

বুধবার (১০ জুন) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএসের নির্বাহী বোর্ডের বার্ষিক অধিবেশনে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। এ সময় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, সম্প্রতি জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ স্থিতিশীল ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক শাসনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এই প্রক্রিয়ায় ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ইউএনডিপির ‘ব্যালট (BALLOT) প্রকল্প’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

রাষ্ট্রদূত নোমান চৌধুরী নবগঠিত সরকারের অগ্রাধিকার—সুশাসন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নে ইউএনডিপির সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে তিনি গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এবং গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ)-সহ আন্তর্জাতিক জলবায়ু তহবিলে প্রবেশাধিকার সহজ ও সম্প্রসারণে ইউএনডিপির কারিগরি সহায়তা বাড়ানোর আহ্বান জানান।