চবির শাটল ট্রেনে নতুন রেক সংযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে নতুন রেক সংযোগ করা হয়েছে। সবগুলো পুরাতন বগি পরিবর্তন করে নতুন বগি সংযোজন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম নগরীর বটতলী স্টেশনে নতুন বগি সংযোগের কার্যক্রম উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।

উদ্বোধনকালে তিনি বলেন, আমি দায়িত্ব নিয়েছি এখনও তিনমাস হয়নি। ইতোমধ্যেই ক্যাম্পাসে একটা বড় সংযোজন হয়েছে, আমরা অনেক দিনের পুরোনো একটা রেল পরিবর্তন করে নতুন ট্রেন নিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ।

শাটল ট্রেনে নতুন রেক সংযোগের মাধ্যমে গরমে স্বস্তি মিলবে শিক্ষার্থীদের। ফলে বগিগুলোতে ফ্যান চলবে, লাইট জ্বলবে এবং ভাঙা জানালার সমস্যাও আর থাকবে না। এতে শিক্ষার্থীদের যাতায়াত কিছুটা হলেও স্বস্তিদায়ক হবে বলে আশাবাদ করছে কর্তৃপক্ষ।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনি, পরিবহন ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়াসহ অনেকেই।