কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রসারে দ্রুত ডেটা সেন্টার নির্মাণ নিয়ে উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে। রয়টার্স/ইপসোসের এক জরিপে দেখা গেছে, মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনি দ্রুতগতিতে ডেটা সেন্টার নির্মাণকে সমর্থন করেন, আর বেশিরভাগই নিজেদের এলাকায় এমন প্রকল্প গড়ে তোলার বিরোধী।
সাড়ে চার হাজারের বেশি মানুষের ওপর পরিচালিত জরিপে ৬৪ শতাংশ উত্তরদাতা দ্রুত ডেটা সেন্টার নির্মাণের বিরোধিতা করেছেন। এছাড়া ৫৭ শতাংশ বলেছেন, তাদের নিজ নিজ এলাকায় ডেটা সেন্টার নির্মাণ হলে তারা এর বিরোধিতা করবেন।
জরিপে অংশ নেওয়া ৭৭ শতাংশ মানুষ আশঙ্কা প্রকাশ করেছেন, এআই প্রযুক্তির বিস্তারের ফলে বিদ্যুতের দাম আরও বেড়ে যেতে পারে। একই সঙ্গে প্রায় অর্ধেক উত্তরদাতা মনে করেন, এআই ভবিষ্যতে চাকরির বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এআই পরিচালনায় বিপুল বিদ্যুৎ ও পানির প্রয়োজন হয়। পাশাপাশি বড় আকারের জমি ব্যবহারের পরও এসব প্রকল্প দীর্ঘমেয়াদে তুলনামূলক কম কর্মসংস্থান সৃষ্টি করে।
এদিকে জনমতের চাপে যুক্তরাষ্ট্রের অন্তত ১৪টি অঙ্গরাজ্য নতুন ডেটা সেন্টার প্রকল্পে স্থগিতাদেশ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বা ইতোমধ্যে আলোচনা শুরু করেছে।