কয়েক ঘন্টা পরেই পর্দা উঠছে বিশ্বফুটবলের মহারণ ফিফা ২০২৬ বিশ্বকাপ। এর মধ্যেই ফুটবলপ্রেমীরা যার যার দলের অভিমত ব্যক্ত করছেন। থেমে নেই বিনোদন জগতের তারকাদেরও অভিব্যক্তি। তারাও সামাজিক মাধ্যমে তাদের নিজ দলের বন্দনা গাইছেন। এবার সেই তালিকায় দেখা যাচ্ছে চিত্রনায়ক অভিনেতা জায়েদ খানকে।
অভিনয়ের পাশাপাশি খেলাধুলা, বিশেষ করে ফুটবলের প্রতিও রয়েছে তার গভীর আগ্রহ। বিশ্বফুটবলের অন্যতম জনপ্রিয় দল আর্জেন্টিনার প্রতি তার দীর্ঘদিনের সমর্থন ও ভালোবাসার কথা প্রকাশ করলেন। ছোটবেলায় দিয়েগো ম্যারাডোনার খেলা ও ব্যক্তিত্ব তাকে মুগ্ধ করেছিল। সেই সময় থেকেই আর্জেন্টিনা দলের প্রতি তার আলাদা একটা টান তৈরি হয়েছে। সময়ের সঙ্গে ফুটবলের অনেক কিছু বদলেছে, অনেক তারকার আবির্ভাব ঘটেছে, তবে আর্জেন্টিনার প্রতি তার সমর্থন সেই একই রকম রয়ে গেছে।
বিশ্বকাপ সামনে রেখে প্রিয় দল নিয়ে এক সাক্ষাৎকারে নিজের প্রত্যাশার কথা বলেছেন জায়েদ খান। এবারও বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরেই যাবে বলে তার বিশ্বাস। তিনি বলেন, ছোটবেলা থেকেই আমি দিয়েগো ম্যারাডোনার ভক্ত, আর এখন লিওনেল মেসির ভক্ত। তাই আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থন কখনো কমেনি।
এ অভিনেতা বলেন, ফুটবল এমন একটি খেলা, যা বিশ্বের কোটি কোটি মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। আমি সবসময় সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল দেখতে চাই। তবে সমর্থক হিসেবে আমার হৃদয় সবসময় আর্জেন্টিনার পক্ষেই থাকবে।
তিনি বলেন, আর্জেন্টিনা শুধু একটি ফুটবল দল নয়; বরং আবেগ ও ভালোবাসার একটি নাম। দলটির খেলা দেখার সময় তিনি অন্যরকম উত্তেজনা অনুভব করেন। বিশেষ করে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্য তাকে আরও বেশি আনন্দিত করেছে।