জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত রুটিন অনুযায়ী, লিখিত পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হয়ে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিনের পরীক্ষা দুপুর ০১:৩০ মিনিটে শুরু হবে। বুধবার (১০ জুন) পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। তবে অনিবার্য কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজন হলে পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন করতে পারবে।
রুটিন অনুযায়ী, প্রথম দিনের পরীক্ষায় বাংলাদেশের ইতিহাস: ভাষা, সংস্কৃতি ও পরিচয় (নতুন সিলেবাস) এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (পুরাতন সিলেবাস) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিভাগ ও বিষয়ভিত্তিক অন্যান্য পরীক্ষাগুলো ধারাবাহিকভাবে নেয়া হবে।
রুটিনে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষাকক্ষে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।