ব্রাজিল ম্যাচের দুদিন আগে দুই সেনানীকে হারালো মরক্কো

বিশ্বকাপের মহোৎসব শুরুর ঠিক আগমুহূর্তে বড় ধরনের ধাক্কা খেল মরক্কো। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের মাত্র দুই দিন আগে চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন নির্ভরযোগ্য ডিফেন্ডার নায়েফে আগুয়ের্দ ও তারকা ফরোয়ার্ড আবদে এজ্জালজুলি। 

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, একদম শেষ মুহূর্তে বাধ্য হয়ে এই দুজনকে পরিবর্তন করে চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ মোহামেদ ওয়াহবি। চোটাক্রান্ত এই দুই তারকার পরিবর্তে দলে ডাক পেয়েছেন ৩৪ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার মারওয়ানে সাদানে এবং ২৫ বছর বয়সী উইঙ্গার আমিনে সাবাই।

কাতার বিশ্বকাপে মরক্কোর রক্ষণভাগের অন্যতম সেনানী ছিলেন নায়েফে আগুয়ের্দ। গত মার্চ মাস থেকেই তিনি কুঁচকির গুরুতর চোটে ভুগছিলেন, যার জন্য তাঁর অস্ত্রোপচারও করাতে হয়েছিল। পরবর্তীতে এপ্রিলে তাঁর শ্রোণিঅস্থি ভাঙা ধরা পড়লে পুনর্বাসন প্রক্রিয়া আরও পিছিয়ে যায়। কোচ মোহামেদ ওয়াহবি শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর ফেরার আশা রাখলেও, ফিটনেস টেস্টে উতরে যেতে না পারায় বিশ্বকাপ-স্বপ্ন বিসর্জন দিতে হচ্ছে এই ডিফেন্ডারকে।

তাঁর জায়গায় দলে আসা সৌদি আরবে খেলা অভিজ্ঞ ডিফেন্ডার মারওয়ানে সাদানের ২০১৫ সালে জাতীয় দলে অভিষেক হলেও দীর্ঘদিন দলের নিয়মিত সদস্য ছিলেন না। তবে চলমান কন্ডিশনিং ক্যাম্পে দলের সাথেই ছিলেন তিনি।

অন্যদিকে রিয়াল বেটিসের ২৪ বছর বয়সী আক্রমণভাগের অন্যতম সেরা ফরোয়ার্ড আবদে এজ্জালজুলি নিউ জার্সিতে নরওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে হাঁটুতে মারাত্মক চোট পান। ম্যাচের একপর্যায়ে সতীর্থ শাদি রিয়াদ তাঁর পায়ের ওপর অনাকাঙ্ক্ষিতভাবে ছিটকে পড়লে এই চোট পান তিনি। মাঠের ভেতর প্রাথমিক চিকিৎসার পর খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন। তাঁর বিকল্প হিসেবে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে উইঙ্গার আমিনে সাবাইকে, যিনি চলতি মাসের শুরুতে বুরুন্ডির বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলেছেন।

আগামী শনিবার (১৩ জুন) নিউ ইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে মরক্কো তাদের গ্রুপ 'সি'-এর অভিযান শুরু করবে। তার আগে রক্ষণ ও আক্রমণের এই দুই নির্ভরযোগ্য খেলোয়াড়কে হারানো মরক্কোর জন্য বড় পরীক্ষা। তবে স্বস্তির খবর হলো, নুসাইর মাজরাউই ও আনাস সালাহ-এদিনের মতো বাকি চোটাক্রান্ত খেলোয়াড়েরা সময়মতো ফিট হয়ে উঠেছেন। নতুন অন্তর্ভুক্ত হওয়া সাদানে ও সাবাই ইতিমধ্যেই দলের সাথে যুক্তরাষ্ট্রে অনুশীলন করছেন, এমনকি নরওয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে বদলি হিসেবে মাঠও কাঁপিয়েছেন সাদানে।