বাংলাদেশ–যুক্তরাষ্ট্র জ্বালানি সহযোগিতা নিয়ে বৈঠক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদার, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আধুনিক জ্বালানি প্রযুক্তিতে অংশীদারিত্ব সম্প্রসারণের লক্ষে একটি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি গতকাল বুধবার (১০ জুন) ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় বিদ্যুৎ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানায়।

এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন দেশটির নবনিযুক্ত আন্ডার সেক্রেটারি অব এনার্জি কাইল হাউসভিট।

আলোচনায় দুই দেশের জ্বালানি নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন এবং উন্নত জ্বালানি প্রযুক্তি বিনিময়ের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে এ খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

বৈঠকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

জ্বালানি খাতে সম্ভাব্য নতুন সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনার জন্য প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।