হাইকোর্ট

একদিনে ১৪ বেঞ্চে ৬ হাজার মামলা নিস্পত্তি  

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৪ বেঞ্চে (আদালত) এক কর্মদিবসে ৬ হাজার ১৯৯ পুরনো ফৌজদারি মামলা নিস্পত্তি করেছেন সংশ্লিষ্ট বিচারপতিগণ। 

বৃহস্পতিবার (১১ জুন) এসব মামলা নিস্পত্তি হয় বলে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান। 

তিনি আরও জানান, হাইকোর্টে পুরনো মামলা নিস্পত্তি কার্যক্রম শুরু হওয়ার এ পর্যন্ত তিন কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন) মোট ১৩ হাজার ২৮৮ মামলা নিস্পত্তি করা হয়েছে। প্রসঙ্গত, চলতি সময়ে হাইকোর্টে ৫০টির বেশি বেঞ্চে দেওয়ানি, ফৌজদারি ও অন্যান্য মামলার শুনানি হচ্ছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশনা অনুসারে হাইকোর্ট বিভাগের ফৌজদারি মোশন বেঞ্চগুলোতে দীর্ঘ দিনের পুরনো মামলা নিস্পত্তি কার্যক্রম চলমান রয়েছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ, মামলা জট হ্রাস এবং বিচার ব্যবস্থা গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এ বিশেষ উদ্যোগের আওতায় ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক পুরনো মামলা নিস্পত্তি করা হচ্ছে। 

গত ৭ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চগুলোতে বিচারপতিগণ দীর্ঘ দিনের পুরনো মামলা নিস্পত্তিকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে মামলা নিস্পত্তির এ কার্যক্রম শুরু করেন। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়।