কল্যাণের নগরী মদিনা

আপানারা হিজরতের ভূমি, সুন্নাহের কেন্দ্রস্থল এবং কল্যাণের নগরীতে অবস্থান করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ‘হে আল্লাহ! ইবরাহিম (আ.) আপনার বান্দা, বন্ধু ও নবী ছিলেন। আমি আপনার বান্দা ও নবী। তিনি মক্কার জন্য আপনার কাছে দোয়া করেছিলেন, আর আমি মদিনার জন্য আপনার কাছে সেই দোয়ার সমপরিমাণ এবং তার সঙ্গে আরও সমপরিমাণ বরকতের দোয়া করছি।’ (মুসলিম)

অতএব আপানারা মদিনার মর্যাদা উপলব্ধি করুন, এর সম্মান রক্ষা করুন এবং সর্বোত্তম আদব বজায় রাখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আমার এই মসজিদে এক ওয়াক্ত নামাজ অন্য সব মসজিদের এক হাজার ওয়াক্ত নামাজের চেয়ে উত্তম, তবে মসজিদুল হারাম ছাড়া।’ (সহিহ মুসলিম ১৩৯৪)

এ হাদিস মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ, দয়া ও মর্যাদার বর্ণনা। বিশুদ্ধ মত অনুযায়ী, এর ফজিলত ফরজ ও নফল উভয় নামাজকেই অন্তর্ভুক্ত করে।

হে আল্লাহর বান্দা! যার ওপর পৃথিবীর শ্রেষ্ঠ দিনগুলো অতিক্রান্ত হয়েছে, অথচ সে এখনো প্রবৃত্তির শৃঙ্খলে আবদ্ধ। যার সামনে রহমত ও কল্যাণের মৌসুম এসেছে, অথচ সে খেল-তামাশা ও গুনাহে মগ্ন থেকেছে। আপনি কি হাজি, ওমরাহকারী ও ইবাদতকারীদের কাফেলা দেখেননি? আপনি কি ইহরামধারীদের সরলতা, প্রার্থনাকারীদের উত্থিত হাত এবং তওবাকারীদের অশ্রু দেখেননি? আপনি কি তালবিয়া, তাকবির ও তাহলিলের ধ্বনি শোনেননি? তাহলে আপনার রবের কসম করে বলুন, কী আপনাকে ব্যস্ত রেখেছে? কী আপনাকে আপনার প্রভুর আনুগত্য থেকে দূরে সরিয়ে দিয়েছে?

যে সকাল-সন্ধ্যা গুনাহে লিপ্ত থাকে এবং বলে, ‘আজ নয়, কাল তওবা করব’! আপনি স্মরণ করুন সেই রাতের কথা, যখন আপনি কবরের মধ্যে একাকী অবস্থান করবেন। এখানো অবকাশ রয়েছে, তওবার দিকে দ্রুত ফিরে আসুন এবং গুনাহ ও পাপের বোঝা ঝেড়ে ফেলুন।

কোরআনে বর্ণিত হয়েছে, ‘ঘোষণা করে দিন (আমার এ কথা), হে আমার বান্দারা! যারা নিজেদের ওপর সীমালঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। তিনি তো পরম ক্ষমাশীল, অতি দয়ালু।’ (সুরা জুমার ৫৩)

হেদায়াতের পথপ্রদর্শক এবং সমগ্র মানবজাতির সুপারিশকারী নবীর প্রতি আপনারা দরুদ ও সালাম পাঠ করুন। কারণ যে ব্যক্তি তার প্রতি একবার দরুদ পাঠ করে, মহান আল্লাহ তার প্রতি দশবার রহমত বর্ষণ করেন। (সহিহ মুসলিম ৩৮৪)

হে আল্লাহ! ইসলাম ও মুসলমানদের মর্যাদা বৃদ্ধি করুন। আমাদের দেশ এবং সব মুসলিম দেশকে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, প্রতারকদের প্রতারণা, বিদ্বেষীদের বিদ্বেষ ও হিংসুকদের হিংসা থেকে হেফাজত করুন।

হে বিশ্বজগতের প্রতিপালক! আমাদের রোগীদের সুস্থতা দান করুন। আমাদের বিপদগ্রস্তদের নিরাপত্তা দিন এবং আমাদের মৃতদের প্রতি দয়া করুন। হে আল্লাহ! ফিলিস্তিনে আমাদের ভাইদের সাহায্য করুন। তাদের ভাঙা হৃদয় জুড়ে দিন। তাদের বিজয় ত্বরান্বিত করুন।

৫ জুন শুক্রবার, মসজিদে নববীতে প্রদত্ত জুমার খুতবা। সংক্ষিপ্ত অনুবাদ করেছেন

মুফতি আতিকুর রহমান