ঈদ-উল-আযহার ছুটি শেষে শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্নে ক্যাম্পাসে ফেরার সুবিধার্থে কন্ট্রোল রুম চালু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। একই সঙ্গে শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার ও ওভারব্রিজে গার্ড ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ জুন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম শুরু হবে। এর আগে গত ৯ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম চালু হয়েছে। ছুটি শেষে ইতোমধ্যে বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন।
শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে আসা নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বর ০১৭৬৫-৩৩৩৯৫৮। শিক্ষার্থীদের যেকোনো ধরনের প্রয়োজন বা সমস্যার ক্ষেত্রে এ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে প্রশাসন।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসের প্রধান প্রবেশদ্বারগুলো ও ওভারব্রিজে অতিরিক্ত গার্ড এবং আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।