১০ দিনে প্রবাসী আয় ১৪ হাজার ৭০০ কোটি টাকা

চলতি জুন মাসের প্রথম ১০ দিনে বাংলাদেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ৭০০ কোটি টাকার বেশি। 

শুক্রবার (১২ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯৫ কোটি ৬১ লাখ ৯০ হাজার ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এছাড়া চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ জুন পর্যন্ত মোট ৩ হাজার ৩৯৫ কোটি ৯৯ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছে। বছর ব্যবধানে যা বেড়েছে ১৯ দশমিক ৩১ শতাংশ।

চলতি বছরের জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার, মার্চে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মে মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।