ব্লুস্কাইয়ে নতুন ফিচার, চালু হলো গ্রুপ চ্যাট

সামাজিক যোগাযোগমাধ্যমের জগতে প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে। এ প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্ত করতে নতুন একটি গুরুত্বপূর্ণ ফিচার চালু করেছে ব্লুস্কাই। প্ল্যাটফর্মটি এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে গ্রুপ চ্যাট সুবিধা, যা ব্যক্তিগত ও ছোট পরিসরের সামাজিক যোগাযোগকে আরও সহজ করবে।

গতকাল বৃহস্পতিবার (১১ জুন) প্রকাশিত ব্লুস্কাইয়ের সর্বশেষ সংস্করণ এ যুক্ত হয়েছে এই ফিচার। এর মাধ্যমে সর্বোচ্চ ৫০ জন সদস্য নিয়ে একটি গ্রুপ তৈরি করে আলাপ-আলোচনা করা যাবে। যদিও এক্সে বর্তমানে এক হাজার সদস্যের গ্রুপ চ্যাট সমর্থন রয়েছে, তবু ব্লুস্কাইয়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

কমিউনিটি গঠনের দিকে ঝুঁকছে ব্লুস্কাই

ব্লুস্কাইয়ের এ পদক্ষেপ কেবল একটি নতুন চ্যাট সুবিধা নয়; এটি কোম্পানির দীর্ঘমেয়াদি কৌশলের অংশ। প্রতিষ্ঠানটি এখন বৃহৎ জনসমাগমভিত্তিক সামাজিক নেটওয়ার্কের পরিবর্তে ছোট ও আগ্রহভিত্তিক কমিউনিটি গড়ে তোলার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে।

বর্তমানে ব্লুস্কাইয়ের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪ কোটি ৪৮ লাখ। তুলনায় এক্সের মাসিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ৬০ কোটি। এই বিশাল ব্যবধানের কারণে ব্লুস্কাই নতুন ব্যবহারকারী আকর্ষণ ও বিদ্যমান ব্যবহারকারীদের ধরে রাখতে বিকল্প সামাজিক অভিজ্ঞতা তৈরির চেষ্টা করছে।

গ্রুপ চ্যাটে থাকবে নিয়ন্ত্রণের সুযোগ

নতুন ফিচারের আওতায় গ্রুপের নির্মাতারা সদস্য নিয়ন্ত্রণ, আমন্ত্রণ এবং অংশগ্রহণের নিয়ম নির্ধারণ করতে পারবেন। একটি আমন্ত্রণ লিংক তৈরি করে তা ওয়েবসাইট কিংবা ব্লুস্কাই পোস্টের মাধ্যমে শেয়ার করা যাবে।

অন্যদিকে ব্যবহারকারীরাও ঠিক করতে পারবেন কে তাদের গ্রুপ চ্যাটে আমন্ত্রণ জানাতে পারবে। এ ক্ষেত্রে তিনটি বিকল্প রাখা হয়েছে— ১. সবাই ২. শুধু অনুসরণ করা ব্যক্তি ৩. কেউ নয়। ডিফল্টভাবে ‘শুধু অনুসরণ করা ব্যক্তি’ অপশনটি সক্রিয় থাকবে।

তবে আপাতত গ্রুপ চ্যাটে ছবি বা ভিডিওসহ অন্যান্য মিডিয়া শেয়ার করার সুবিধা যুক্ত হয়নি। ব্লুস্কাই জানিয়েছে, এ ধরনের ফিচার চালুর আগে নিরাপত্তা ও কনটেন্ট মডারেশনের জন্য অতিরিক্ত ব্যবস্থা প্রয়োজন।

আসছে স্বতন্ত্র কমিউনিটি

ব্লুস্কাইয়ের পণ্য বিভাগের প্রধান অ্যালেক্স বেনজার সম্প্রতি জানিয়েছেন, ভবিষ্যতে প্ল্যাটফর্মটিতে স্বতন্ত্র কমিউনিটি তৈরির সুযোগ যুক্ত হবে। ব্যবহারকারীরা নির্দিষ্ট আগ্রহভিত্তিক কমিউনিতে যোগ দিতে, সেখানে পোস্ট করতে এবং আপডেট অনুসরণ করতে পারবেন।

প্রতিটি কমিউনিটির নিজস্ব হ্যান্ডেল ও ওয়েব ঠিকানা থাকবে, যেমন— community-name.bsky.social বা community-name.bsky.space। এ ব্যবস্থা অনেকটা ফেসবুক গ্রুপ বা রেডিট কমিউনিটির মতো।

এক্সের শূন্যস্থান পূরণের চেষ্টা?

ব্লুস্কাইয়ের এই উদ্যোগের সময়টিও তাৎপর্যপূর্ণ। কারণ চলতি বছরের এপ্রিল মাসে কম ব্যবহার ও অতিরিক্ত স্প্যামের কারণে এক্স তাদের ‘কমিউনিটিজ’ ফিচার বন্ধ করার ঘোষণা দেয়। ফলে ছোট ও নিয়ন্ত্রিত অনলাইন গোষ্ঠীভিত্তিক যোগাযোগের যে শূন্যতা তৈরি হয়েছে, ব্লুস্কাই সেটি কাজে লাগাতে চাইছে বলে মনে করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির বিশ্বাস, বড় প্রযুক্তি কোম্পানির নিয়ন্ত্রিত প্ল্যাটফর্মের বাইরে অপেক্ষাকৃত উন্মুক্ত ও ব্যবহারকারী-কেন্দ্রিক সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। সেই চাহিদাকে সামনে রেখেই তারা নতুন কমিউনিটি ও যোগাযোগভিত্তিক ফিচার উন্নয়নে বিনিয়োগ করছে।

আরও একটি নতুন সুবিধা

গ্রুপ চ্যাটের পাশাপাশি ব্লুস্কাই ব্যবহারকারীদের জন্য ব্যক্তিগতকৃত কিউআর কোডের মাধ্যমে প্রোফাইল শেয়ার করার সুবিধাও চালু করেছে। ফলে অন্যদের সঙ্গে দ্রুত প্রোফাইল সংযোগ স্থাপন করা আরও সহজ হবে।