বাংলাদেশকে আবারও সম্মানের আসনে ফিরিয়ে আনবে বিএনপি সরকার : মঈন খান

বিএনপি নেতৃত্বাধীন সরকার দেশকে আবারও বিশ্ব দরবারে একটি মর্যাদাপূর্ণ ও সম্মানজনক অবস্থানে নিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শুক্রবার (১২ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

ড. মঈন খান দেশের এই ক্রান্তিলগ্নে দলমত নির্বিশেষে সবাইকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে এবং তার সুযোগ্য উত্তরাধিকার তারেক রহমানের সুনির্দিষ্ট দিকনির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে পথ চলে আমরা বিশ্বের বুকে বাংলাদেশকে আবারও একটি সম্মানসূচক অবস্থানে প্রতিষ্ঠিত করতে চাই।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তিনি বলেন, মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে তিনি একটি ভঙ্গুর রাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক অবস্থানে নিয়ে গিয়েছিলেন। খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিখাতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিলেন এবং বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে রূপান্তরের ভিত্তি স্থাপনের কাজ শুরু করেছিলেন। তার আদর্শকে হৃদয়ে ধারণ করার মধ্য দিয়েই তাকে যথাযথভাবে স্মরণ করা সম্ভব।

জিয়াউর রহমানের আমলের অর্থনৈতিক দর্শনের কথা উল্লেখ করে মঈন খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন যে বাজেট প্রণয়ন করেছিলেন, তা ঢাকা শহরের তথাকথিত উঁচু তলার বিলাসী মানুষের স্বার্থে ছিল না। তার প্রতিটি নীতি ও বাজেট ছিল এ দেশের প্রান্তিক ও খেটে খাওয়া সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমরা কেবল আনুষ্ঠানিকতার জন্য জিয়াউর রহমানকে স্মরণ করব না, বরং এমন একটি কার্যকর প্রক্রিয়ার মাধ্যমে তাকে স্মরণ করতে হবে যার মাধ্যমে তার উন্নয়ন ও উৎপাদনের রাজনৈতিক আদর্শকে ধারণ ও বাস্তব জীবনে গ্রহণ করা যায়।

আলোচনা সভায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।