বোয়ালমারীতে মাদকের বিরুদ্ধে ‘মিনি ফুটবল বিশ্বকাপ’ উদ্বোধন

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব্যতিক্রমী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী ৪৮টি দেশের আদলে আয়োজিত এ প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘বোয়ালমারী মিনি ফুটবল বিশ্বকাপ’। 

এ উপলক্ষে শুক্রবার (১২ জুন) বিকেলে স্থানীয় বোয়ালমারী স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যুবসমাজকে মাদক ও তামাক থেকে দূরে রেখে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বোয়ালমারী পৌর শাখার আমীর মাওলানা সৈয়দ নিয়ামুল হাসান, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব শহীদ উদ্দিন মিয়া দীপু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন এবং বোয়ালমারী পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা সাজ্জাদ হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, ‘গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। যুবকদের মাঠমুখী করতে পারলে তারা মাদক থেকে দূরে থাকবে। খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুললে মাদকসেবী ও মাদক কারবারিদের সমাজে কোনো স্থান থাকবে না। ভালো মানুষকে মূল্যায়নের সংস্কৃতি গড়ে তুলতে হবে।’

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী দলগুলোর বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, বিশ্বকাপের আদলে পরিচালিত এ টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার ৪৮টি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতার মাধ্যমে মাদক ও তামাকবিরোধী সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা আরও সম্প্রসারিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।