কঙ্গনার মুখে দীপিকার প্রশংসা

দীর্ঘদিনের বৈরিতা ভুলে সহকর্মী দীপিকা পাড়ুকোনের প্রশংসায় পঞ্চমুখ হলেন কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন, ক্যারিয়ারের বিভিন্ন সময়ে দীপিকার কাছ থেকে অনেক কিছু শিখেছেন তিনি। একই সঙ্গে বর্তমান প্রজন্মের তারকাদের মধ্যকার পারস্পরিক সম্পর্ককে ‘বিষাক্ত’ বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।

নিজের নতুন সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’র প্রচারণায় এসে কঙ্গনা বলেন, ‘কৈশোরে ঘর ছাড়ার কারণে দুনিয়াদারির অনেক কিছুই বুঝতাম না। চারপাশের মানুষের ভালো গুণগুলো দেখেই অনুপ্রাণিত হয়েছি। সমসাময়িকদের মধ্যে দীপিকার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। যেমন ওর অ্যাথলেটিক ব্যাকগ্রাউন্ড থেকে নিয়মিত ব্যায়ামের উপকারিতা বুঝতে পেরেছি।’

বলিউডে দীপিকার বিকল্প আর কেউ আসবে না উল্লেখ করে কঙ্গনা যোগ করেন, ‘অনেকে ভাবেন নায়িকারা আসেন আর চলে যান, কিন্তু বিষয়টি তেমন নয়। যেমন মাধুরী দীক্ষিত, কারিশমা কাপুর কিংবা জুহি চাওলার কোনো বিকল্প তৈরি হয়নি, ঠিক তেমনি আরেকটি দীপিকা পাড়ুকোনও আর আসবে না।’ এর আগে ২০২০ সালে দীপিকার জেএনইউ সফর কিংবা ২০২২ সালে ‘গেহরাইয়াঁ’ সিনেমা নিয়ে তীব্র সমালোচনা করলেও, সাম্প্রতিক সময়ে দীপিকার কর্মঘণ্টা নির্ধারণের দাবিকে জোরালো সমর্থন জানিয়েছিলেন কঙ্গনা।