স্থানীয় সরকার খাতে বরাদ্দ ৪১ হাজার ৩৫২ কোটি টাকা

স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়নের জন্য ৪১ হাজার ৩৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গত বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশকালে এ প্রস্তাব করেন তিনি।

প্রস্তাবে বলা হয়েছে, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, নগর ও গ্রামীণ সেবার সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তুলতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। সুপেয় পানি, শতভাগ স্যানিটেশন, ড্রেনেজ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সম্প্রসারণ করার পরিকল্পনা করেছে সরকার। গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করা হবে। সড়ক, সেতু, গ্রোথ সেন্টার ও সাইক্লোন শেল্টার নির্মাণের মাধ্যমে যোগাযোগব্যবস্থা ও দুর্যোগ সহনশীলতাও বৃদ্ধি করার কাজ চলবে। জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ ও ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি করার কর্মসূচি প্রবর্তন করা হবে।

ডিজিটাল জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম শক্তিশালীকরণ এবং সিটি করপোরেশন ও পৌরসভাসমূহে বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন, ড্রেন সংস্কার এবং পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করা উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে পল্লী উন্নয়ন ও সমবায় খাতেও বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে নারী, যুবক ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক ও প্রযুক্তিগত সমৃৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হয়েছে।

গৃহীত পদক্ষেপের মধ্যে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিমূলক কর্মসূচি বাস্তবায়ন উল্লেখযোগ্য।