টানা ৪০ দিন নামাজের পুরস্কার নতুন বাইসাইকেল

ভোলার চরফ্যাশনে শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘হেরার আলো ফাউন্ডেশন’। সংগঠনটির আয়োজনে পবিত্র কোরআন শিক্ষা ও টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) জুমার নামাজের পর আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ফাউন্ডেশনের প্রকাশিত ফলাফলে দেখা যায়, উপস্থিতি ও নিয়মিত নামাজ আদায়ের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়। এতে শতভাগ উপস্থিতি নিশ্চিত করে প্রথম স্থান অর্জন করে সাইদুল ইসলাম। তার এই অনন্য সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে উপহার দেওয়া হয় একটি নতুন বাইসাইকেল।

এছাড়া কর্মসূচিতে অংশ নেওয়া অন্যান্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে সান্ত্বনা পুরস্কার হিসেবে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষামূলক বই বিতরণ করা হয়।

হেরার আলো ফাউন্ডেশনের প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘শিশু-কিশোরদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’