ফিলিপাইনে ভূমিকম্প: নিহত বেড়ে ৬১

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে চলতি সপ্তাহে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে। শনিবার (১৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির কর্তৃপক্ষ।

সেই সঙ্গে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

দেশটির সিভিল ডিফেন্স অফিস (ওসিডি) জানায়, ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে আরও কয়েকটি মরদেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা বেড়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জিএমএ নিউজের খবরে বলা হয়, এখন পর্যন্ত ৩৩ জন নিখোঁজ রয়েছেন এবং আহত হন ১ হাজার ২২১ জন।

কর্তৃপক্ষ জানায়, ভূমিধস ও ভবনের ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া মানুষদের খুঁজে বের করতে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম চলছে। তবে বারবার আফটারশক, ঝুঁকিপূর্ণ ভবন এবং ক্ষতিগ্রস্ত সড়কের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

দুর্যোগ প্রতিক্রিয়া ও তথ্য পর্যবেক্ষণ কেন্দ্র (ড্রোমিক) জানায়, মিন্দানাও অঞ্চলে ভূমিকম্পে প্রায় ৫ লাখ ৫৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে প্রায় ৯ হাজার ৩৯৩ জন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। এ ছাড়া ৫৪ হাজার ২৭৪ জন আত্মীয়স্বজন ও বন্ধুদের বাড়িতে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছে।

প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, ভূমিকম্পে ৮ হাজার ৮৬৫টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয় এবং আরও ৩৬ হাজার ৬৯১টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে মিন্দানাও উপকূলের কাছে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্প। এতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাড়িঘর, স্কুল, হাসপাতালসহ বিভিন্ন সরকারি অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়।