অভিনয় ও বলিউডের বিভিন্ন সংকটের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে সোজা-সাপটা কথা বলা বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন এবার আলোচনায় অন্য এক কারণে। পরিবারের রিয়েল এস্টেট বিনিয়োগ থেকে এসেছে বড় অঙ্কের আর্থিক সাফল্য। সম্প্রতি মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিম এলাকায় থাকা তাদের চারটি আবাসিক ফ্ল্যাট বিক্রি করে প্রায় ১০৭ শতাংশ মুনাফা অর্জন করেছেন অভিনেত্রী, তার বোন নূপুর শ্যানন এবং মা গীতা শ্যানন।
সম্পত্তি–সংক্রান্ত নিবন্ধিত নথি অনুযায়ী, চারটি ফ্ল্যাট মোট ৮ কোটি ৯০ লাখ রুপিতে বিক্রি করা হয়েছে। এসব ফ্ল্যাট মুম্বাইয়ের জনপ্রিয় আবাসন প্রকল্প রাহেজা ক্ল্যাসিক–এ অবস্থিত, যা দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র ও বিনোদন অঙ্গনের তারকাদের পছন্দের আবাসিক এলাকা হিসেবে পরিচিত।
আন্ধেরি পশ্চিমের উন্নত যোগাযোগব্যবস্থা, মেট্রো সুবিধা, পশ্চিম এক্সপ্রেস হাইওয়ে এবং ফিল্ম সিটি ও বান্দ্রা–কুরলা কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ স্থানের নিকটবর্তী হওয়ায় এ অঞ্চলের সম্পত্তির মূল্য গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ইন্ডিয়া এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী নথিতে দেখা যায়, দুটি বড় ফ্ল্যাটের প্রতিটির বিক্রয়মূল্য ৩ কোটি ২৩ লাখ রুপি। প্রতিটি ইউনিটের আয়তন প্রায় ৬৫৪ বর্গফুট এবং সঙ্গে একটি করে গাড়ি পার্কিং সুবিধা রয়েছে। অন্য দুটি অপেক্ষাকৃত ছোট ফ্ল্যাট বিক্রি করা হয়েছে ১ কোটি ২১ লাখ রুপি করে। সম্পত্তির রেকর্ড অনুযায়ী, ২০১৩ সালে গীতা শ্যানন দুটি ফ্ল্যাট কিনেছিলেন মোট ১ কোটি ৪০ লাখ রুপিতে। পরে ২০১৭ সালে কৃতি ও নূপুর আরও দুটি ইউনিট কেনেন ২ কোটি ৯০ লাখ রুপিতে।
সব মিলিয়ে চারটি ফ্ল্যাট কিনতে তাদের মোট বিনিয়োগ ছিল প্রায় ৪ কোটি ৩১ লাখ রুপি। বর্তমানে ৮ কোটি ৯০ লাখ রুপিতে বিক্রির ফলে প্রায় ৪ কোটি ৬০ লাখ রুপি অতিরিক্ত আয় হয়েছে, যা মূল বিনিয়োগের তুলনায় প্রায় ১০৭ শতাংশ মুনাফা। চারটি ফ্ল্যাটের নতুন মালিক হয়েছেন ভারতের পরিচিত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। বলিউডে বহু নতুন শিল্পীকে পরিচিত করে তোলার পাশাপাশি তিনি ২০২০ সালে পরিচালক হিসেবে অভিষেক করেন 'দিল বেচারা' ছবির মাধ্যমে।