নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে নাম্বার প্লেট বিহীন অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ ও বৈধ মিশুকের রেজিস্ট্রেশন নবায়ন এবং নির্বিঘ্নে চলাচল জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) প্রশাসকের কাছে দাবি জানিয়েছেন মহানগর মিশুক ও রিকশা মালিক কমিটি।
শনিবার (১৩ জুন) দুপুরে শহরের চাষাঢ়া এলাকায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি সুজন মাহমুদ এই দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন দশ হাজার মিশুকের রেজিস্ট্রেশন দিলেও, কয়েক হাজার অবৈধ অটোরিকশা ও মিশুকের চলাচলের কারণে প্রতিদিন যানজটের কবলে পড়ছে চাকরিজীবী, শিক্ষার্থীসহ সাধারণ জনগণ। অবৈধ অটোরিকশা, মিশুকের কারণে সরকার প্রতিবছর রাজস্ব হারাচ্ছে। নতুন নবায়ন দেওয়া হলে সরকার কয়েক কোটি টাকা রাজস্ব পাবে।
সংবাদ সম্মেলনে দ্রুত অবৈধ অটোরিকশা ও মিশুক বন্ধের দাবি করেন সংগঠন নেতারা। এছাড়াও নাসিকের এ সংক্রান্ত মিটিংগুলোতে বৈধ মহানগর মিশুক ও রিকশা মালিক কমিটির প্রতিনিধি অন্তর্ভুক্ত করারও দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সানু, সাংগঠনিক জাহাঙ্গীর বেপারীসহ সংগঠননের সদস্যরা।