চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে বিকেল ৩টায় শুরু হয়েছে ১১ দলীয় জোটের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ। সমাবেশকে ঘিরে ইতোমধ্যে জোটের শরিক দলগুলোর নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ। দলীয় ব্যানার, ফেস্টুন ও নানা স্লোগানে মুখর লালদিঘী ময়দানসহ আশেপাশের এলাকা।
আয়োজকদের মতে, এটি শুধু একটি রাজনৈতিক সমাবেশ নয়, বরং দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে জনগণের দাবিদাওয়া তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। এছাড়া বক্তব্য রাখছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।