দ্রুতই ফিরছেন নেইমার, জানালেন ব্রাজিল কোচ

চোটের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামা হচ্ছে না ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের। খবরটা নিশ্চিত হয়েছে আরো আগেই। তবে সেলেসাও সমর্থকদের জন্য বড় সুখবর দিলেন দলের হেড কোচ কার্লো আনচেলত্তি। মেটলাইফ স্টেডিয়ামে আসরে নিজেদের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইতালিয়ান এই মাস্টারমাইন্ড জানিয়েছেন, সব ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকেই দলের সঙ্গে পুরোদমে অনুশীলন শুরু করবেন এই পোস্টার বয়।

গত ২৭ মে তেরেসোপোলিসের গ্রানজা কোমারিতে দলের সঙ্গে যোগ দেওয়ার পর থেকেই চোটের কারণে মাঠের বাইরে আছেন নেইমার। এমনকি বুট পায়ে অনুশীলনে নামার মতো পরিস্থিতিও ছিল না তার। তবে সম্প্রতি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) প্রকাশিত মেডিকেল রিপোর্টে আশার আলো দেখা গেছে। মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচের পর নেইমারের এমআরআই রিপোর্টে ইনজুরির বেশ উন্নতি লক্ষ্য করা গেছে। বর্তমানে নিউ ইয়র্ক রেড বুলসের হোটেল এবং ট্রেনিং সেন্টারে তার নিবিড় পুনর্বাসন প্রক্রিয়া চলছে।

পুরোপুরি ফিট না হওয়া সত্ত্বেও নেইমারকে স্কোয়াডে রাখার কারণ ব্যাখ্যা করে আনচেলত্তি বলেন, “আমরা যখন কাউকে দলে ডাকি, তখন কেবল তার মাঠের পারফরম্যান্স বিবেচনা করি না। নেইমারের মতো অভিজ্ঞ ফুটবলারের উপস্থিতি দলের তরুণ খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা রাখতে দারুণ ভূমিকা পালন করে।” 

বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের হয়ে মাঠে নামতে না পারলেও, দ্রুতই চোট কাটিয়ে ওঠার লড়াই চালাচ্ছেন এই নাম্বার টেন। সব ঠিক থাকলে আগামী ২০ জুন ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ম্যাচের আগেই নিজেকে সম্পূর্ণ ফিট করে তোলার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন নেইমার।