এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেছেন, পার্লামেন্ট থেকে সচিবালয়-সব জায়গায় হুতুমপেঁচা বসেছে। তারা সেখানে দুর্নীতি ও অনিয়মসহ সব ধরনের অপকর্ম করছে।
শনিবার (১৩ জুন) চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের আয়োজিত মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচনের বিষয়ে বলা হয়েছিল বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু সেই নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
তিনি বলেন, আমরা বাংলাদেশের সীমান্তে কোনো হত্যাকাণ্ডের সমর্থন করি না। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সেদিনই প্রকৃত অর্থে স্বাভাবিক হবে, যেদিন সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হবে। বাংলাদেশের কোনো নাগরিককে সীমান্তে অবৈধভাবে হত্যা করা হবে না, সেদিনই দুই দেশের মধ্যে ন্যায্যতার সম্পর্ক নিয়ে ভাবা যাবে।
এনসিপির এই নেতা বলেন, আমরা চাঁদাবাজি করি না, দুর্নীতি করি না। গণতান্ত্রিকভাবে ধৈর্য ধারণ করে যাচ্ছি।
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এটা কোনো বাজেট নয়, এটা নিজেদের দলীয় লোকদের জন্য একটি গেজেট। যার মাধ্যমে বাংলাদেশে চাঁদাবাজিকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এই বাজেটে শহীদ আবু সাঈদ, ওয়াসিম কিংবা মুগ্ধের রক্তের প্রতিফলন নেই। সেই বাজেটকে আমরা ধিক্কার জানাই।