রজনীকান্তের ছবিতে হৃতিক, তোলপাড় ফিল্মপাড়া

শাহরুখ খান নয়, রজনীকান্তর বহুল প্রত্যাশিত, 'জেলার ২'-এ একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে হৃতিক রোশনকে নেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, তিনি রজনীকান্তের চরিত্রের এক ঘনিষ্ঠ বন্ধুর ভূমিকায় অভিনয় করবেন, গল্পের একটি বিশেষ মুহূর্তে যার আগমন ঘটবে। সূত্রের খবর, হৃতিক শীঘ্রই তার অংশের শুটিং করবেন, যা এই বহু প্রতীক্ষিত সিক্যুয়েলকে অন্য মাত্রা দেবে। 

কয়েক মাস ধরে জল্পনা চলছিল যে নেলসন দিলীপকুমারের এই ছবিতে শাহরুখ খান একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন। কিন্তু সাম্প্রতিক খবর অনুযায়ী, বলিউড বাদশা তাঁর আসন্ন ছবি 'কিং'-এর ব্যস্ততার কারণে এই অফারটি ফিরিয়ে দিয়েছেন। নির্মাতাদের পক্ষ থেকে যদিও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে এই খবরেই হৃতিকের যোগদানের গুঞ্জন আরও জোরালো হয়েছে। 

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর 'জেলার ২' একটি মাল্টি-ইন্ডাস্ট্রি ছবি হতে চলেছে। মোহনলাল, শিবা রাজকুমার, মিঠুন চক্রবর্তী, বিনায়াকন এবং বিজয় সেতুপতির মতো অভিনেতারাও নাকি বিশেষ চরিত্রে অভিনয় করতে পারেন। 

এদিকে পরিচালক নেলসন দিলীপকুমার ফুটেজ দেখার পর ছবির কিছু অংশ আবার নতুন করে শুট করার পরিকল্পনা করছেন বলেও খবর। ছবিতে রজনীকান্তের সঙ্গে এস. জে. সুরিয়া, রাম্যা কৃষ্ণান এবং যোগী বাবু রয়েছেন। বিদ্যা বালানও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। মুক্তির তারিখ ঘোষণা না হলেও, সম্ভবত আগস্ট মাসেই ছবিটি প্রেক্ষাগৃহে আসতে পারে।