শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্র দলের নেতা মো. ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিমের সমাধিস্থলে উপস্থিত হয়ে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল , স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনের সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় তারা কবরের পাশে দাঁড়িয়ে শহীদ ওয়াসিমের  আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সকলের আত্মার শান্তি কামনা করেন। এসময় শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন।

উপস্থিত নেতারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদ ওয়াসিমের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান জাতি কখনও ভুলবে না। তারা শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং রাষ্ট্রীয়ভাবে শহীদদের যথাযথ মূল্যায়নের দাবি জানান।

কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি তাদের হাতে অর্থ সহায়তা তুলে দেন। এ সময় তিনি শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মৃতি রক্ষায় জাতীয় পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে শহীদদের আদর্শ ও ত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তারা।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ সময় উপস্থিত সকলেই শহীদ মো. ওয়াসিমসহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে প্রাণ উৎসর্গকারী শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য প্রার্থনা করেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনে ১৬ জুলাই (২০২৪) চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে শহীদ হন চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান অনুষদের স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র ওয়াসিম।