অভিনেত্রী আসমা ঝিলিকের রহস্যজনক মৃত্যু, চলছে তদন্ত

রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজের ৮ তলা থেকে ফেলে এক অভিনেত্রীকে তার স্বামী হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই অভিনেত্রীর নাম আসমা ঝিলিক। তিনি নাটক-সিনেমায় অভিনয় করেন। ‘রংবাজ’ চলচ্চিত্রে করেছিলেন শাকিব খানের সঙ্গেও অভিনয়। পরিবারের পক্ষ থেকে বহুতল ভবন থেকে ফেলে হত্যার অভিযোগ করা হলেও, পুলিশ বলছে প্রাথমিকভাবে হত্যার প্রমাণ পাওয়া যায়নি। ঘটনা ঘটেছে শুক্রবার (১২ জুন)। 

নিহত আসমা ঝিলিকের ভাই মোজাম্মেল হক শনিবার (১৩ জুন) দুপুরে গণমাধ্যমকে বলেছেন, ‘আমার বোন আসমা ঝিলিক ও তার স্বামী সাইফুল্লাহ বাংলাদেশ মেডিকেলে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেখানেই রাগারাগির একপর্যায়ে ৮ তলা থেকে আসমা ঝিলিককে ফেলে দেয় সাইফুল্লাহ। মারা যায় সে সঙ্গে সঙ্গেই। 

আসমার বোন রেশমি আক্তার লোপা নিজের ফেসবুকে লিখেছেন, ‘আমার কলিজার টুকরা বোনকে (আসমা আক্তার ঝিলিক) শুক্রবার দুপুর দেড়টায় ওর হাজব্যান্ড ধানমন্ডি বাংলাদেশ মেডিকেলের ৮ তলা থেকে ফেলে দেয় এবং মারা যায়। তার কিছুক্ষণ আগেই আমার বোনের সঙ্গে ভিডিওকলে স্বাভাবিক কথা হয়েছে, গল্প করেছি। আমি কিছু লিখতে পারছি না। সবাই আমার বোনের জন্য দোয়া করেন। আমি কীভাবে বেঁচে থাকব।’ 

 

জানা গেছে, তবে সুরতহাল প্রতিবেদনে ফেলে হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল।