রাজধানীতে দুই নারীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্ত সম্পন্ন

রাজধানীতে পৃথক ঘটনায় হাসপাতাল ও বাসার ভবন থেকে লাফিয়ে দুই নারীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতরা হলেন, বাড্ডা আফতাবনগরের মনিকা আক্তার (২৭) ও ধানমন্ডির আসমা আক্তার (৩০)।

শনিবার (১৩ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে দুটি মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

মৃত আসমা আক্তারের ভাই মোজাম্মেল হক জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকায়। তার বাবার নাম মোক্তার হোসেন। গত তিন বছর আগে সাফিউল্লাহ'র সাথে বিয়ে হয় আসমার। তাদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। হাজারীবাগ জিগাতলা এলাকায় থাকত।

পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে তাদের দাম্পত্যকলহ চলছিল। গত বুধবার অসুস্থ হয়ে আসমার স্বামী সাফিউল্লাহ ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। গতকাল সকালে তাকে হাসপাতাল থেকে ছাড় দেওয়ার কথা ছিল। তখন সাথেই ছিল আসমা। শুক্রবার দুপুরে হাসপাতালের কেবিনের বারান্দা দিয়ে নিচে পড়ে যায় আসমা। এসময় কেবিনে তার স্বামী ছাড়া কেউ ছিল না।

তাদের অভিযোগ, ঝগড়ার এক পর্যায়ে সাফিউল্লাহ আসমাকে ধাক্কা দিয়ে আটতলা থেকে নিচে ফেলে দিয়েছে।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গতকাল দুপুরে ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের আটতলার কেবিনের বরান্দা দিয়ে আসমা নামে এক নারী লাফিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যায় সে। পরিবারের পক্ষ থেকে আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করেছেন। এই ঘটনায় নারীর স্বামী সাফিউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ মর্গে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, বাড্ডা থানার উপ পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বাড্ডা আফতাবনগরের বাসার সামনে থেকে মনিকার মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

পরিবারের পক্ষ থেকে জানা গেছে, মনিকা মানসিক বিকারগস্থ ছিল। গতকাল শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে আফতাবনগরের বাসার আটতলা থেকে নিচে লাফিয়ে পরে আত্মহত্যা করে সে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের হস্তান্তর করা হয়েছে।

মৃত মনিকার বোন মোমিনা আক্তার মৌ জানান, তাদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার রামপুরা সরকার পাড়া গ্রামে। বাবার নাম মহির উদ্দিন। মনিকা তার স্বামী মো. লিটন ও এক ছেলেকে নিয়ে বাড্ডা আফতাবনগর এলাকায় থাকত। বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যা দেখা দেয় মনিকার। অনেক জায়গার তার চিকিৎসা চলছিল। এরমধ্যে গতকাল বিকালে আটতলা থেকে নিচে লাফিয়ে পড়ে মারা যায়।