বেশ কয়েক বছর ধরে নিজের অভিনয় ও সিনেমার কনটেন্টে নানা চমক দিলেও, বক্স অফিসে বিশেষ সুবিধা করতে পারছেন না বলিউড তারকা কঙ্গনা রানাউত। সাংসদ-নায়িকার ফিল্মি ক্যারিয়ারের সাম্প্রতিক গ্রাফ অন্তত সেই সাক্ষ্যই দিচ্ছে। গত ছয় বছরে তার একের পর এক সিনেমা ফ্লপ হয়েছে। এমনকি দেশাত্মবোধক ছবিতে অভিনয় করেও কপাল ফেরেনি কঙ্গনার।
নানাবিধ বিতর্ক পেরিয়ে বক্স অফিসে একটি সুপারহিট ‘মার্কশিট’ পাওয়া এখনও অধরা রয়ে গেছে তার। লাগাতার ফ্লপের জেরে ক্যারিয়ার যখন খাদের কিনারে, তখন ইন্দিরা গান্ধীর ভূমিকায় ‘এমার্জেন্সি’ সিনেমাটি দিয়ে কিছুটা ‘ড্যামেজ কন্ট্রোল’ করতে পেরেছিলেন বটে, তবে তাতেও ক্যাশবাক্সে তেমন লক্ষ্মীলাভ হয়নি। এবার ‘ভারত ভাগ্য বিধাতা’ ছবির সুবাদে তার সামনে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, ওপেনিং ইনিংসে তেমন দাপিয়ে ব্যাটিং করতে পারলেন না কঙ্গনা।
শুক্রবারই (১২ জুন) মুক্তি পেয়েছে মনোজ তাপাডিয়া পরিচালিত সিনেমাটি। এই ছবিতে ২৬/১১-র মুম্বই হামলার বিস্মৃতপ্রায় ‘মসিহা’ অঞ্জলি কুলথের ভূমিকায় অভিনয় করে ইতিমধ্যেই চর্চার শিরোনামে নাম লিখিয়েছেন কঙ্গনা রানাউত। সিনেসমালোচকরা অভিনেত্রীর অভিনয়ের প্রশংসা করে ভালো নম্বর বসালেও, বক্স অফিসের ‘ফুলমার্কস’ অধরাই রয়ে গেল সাংসদ-নায়িকার। বলিউডের খান কিংবা কাপুররা যেখানে ৩০ থেকে ৫০ কোটির ব্যবসা দিয়ে বক্স অফিসের খাতা খোলেন, সেখানে কঙ্গনার এই ছবি প্রথম দিনে ভারতে মোটে ১.১৯ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে। দেশজুড়ে মোট ২,১৮১টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘ভারত ভাগ্য বিধাতা’।
সিনেবাজারের গ্রাফ অনুযায়ী, দিল্লি-এনসিআর (NCR)-এ ছবিটির জন্য সবচেয়ে বেশি ২৮১টি শো বরাদ্দ ছিল। পাশাপাশি মুম্বাইয়ে ১৬৭টি এবং আহমেদাবাদে ১৪৩টি শো পেয়েছে এই ছবি। খবর অনুযায়ী, প্রথম দিন ‘ভারত ভাগ্য বিধাতা’র হিন্দি টু-ডি (2D) সংস্করণে সকালের শোতে ৩.৭৭ শতাংশ, বিকেলের শোয়ে ১২ শতাংশ এবং সন্ধের শোয়ে ১০.৫৪ শতাংশ দর্শকাসন পূর্ণ হয়েছিল। এহেন পরিসংখ্যানই স্পষ্ট করে দেয় যে, কঙ্গনার এই দেশাত্মবোধক সিনেমায় সাধারণ দর্শকের মন তেমন গলেনি।
সিনেবাণিজ্য বিশ্লেষক কোমল নাহতা অবশ্য আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, মুম্বাই হামলার প্রেক্ষাপটে তৈরি হওয়ায় এই সিনেমা দর্শকের কাছে কিছুটা একঘেয়ে মনে হতে পারে। উপরন্তু, ছবির ট্রেলার মুক্তির পরও দর্শকদের মধ্যে বিশেষ উন্মাদনা তৈরি করতে পারেননি কঙ্গনা, যার সরাসরি প্রভাব পড়েছে বক্স অফিসে। এর পাশাপাশি চলতি সপ্তাহে সিনেমা ও সিরিজ মিলিয়ে মোট নয়টি প্রজেক্ট একসঙ্গে মুক্তি পেয়েছে।