লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে দুই যুবক ও এক কিশোরীর মৃত্যৃ হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকাল ৩টার দিকে দক্ষিণ কদমতলী নাভানা ভূূঁইয়া সিটি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আদমজী ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ২ ঘণ্টা লেকে তল্লাশি চালিয়ে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে।

নিহতরা হলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মনাগ গ্রামের দেলোয়ারের ছেলে মো. রাশেদুজ্জামান (২২), নড়াইল জেলার কালিয়া থানার রঘুনাথপুর গ্রামের আকরামের ছেলে মো. গালিব (১৮) ও মেয়ে সুরাইয়া (১২)। তারা সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকার এডভোকেট জালালের বাড়ির ভাড়াটিয়া। নিহত রাশেদুজ্জামান হলেন গালিব ও সুরাইয়ার ভগ্নিপতি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ৩ জনই সাঁতার জানতেন। তারা লেকে গোসল করতে নেমে সাঁতার কাটছিল। একপর্যায় তারা প্রথমে লেকে নির্মিত ঘাটের নিচ দিয়ে ডুব ও সাঁতার কেটে একপাশ থেকে অন্যপাশে যায়। ফিরে আসার সময় ডুব দেওয়ার পর প্রায় আধা ঘন্টা পার হলেও আর পানির নিচ থেকে ভেসে ওঠেনি।

পরে থানা পুলিশ ও আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে ছুটে গিয়ে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালায়। বিকাল ৪ টা থেকে ৬ পর্যন্ত তল্লাশি চালিয়ে প্রথমে ভগ্নিপতি রাশেদুজ্জামান ও তার শ্যালক গালিবের মরদেহ উদ্ধার করা হয়। এর ১ ঘণ্টা পর উদ্ধার করা হয় শ্যালিকা সুরাইয়ার মরদেহ।

আদমজী ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার মিরন মিয়া বলেন, লেকের পানিতে ৩ জন তলিয়ে যাওয়ার খবর পেয়ে আমাদের ডুবুরি দল ঘটনস্থলে ছুটে যায়। বিকাল ৫ টার দিকে দুজন ও ৬ টার দিকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পানিতে তলিয়ে যাওয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মিজানুর রহমান বলেন, খবর পেয়ে উপ পরিদর্শক নিরস্ত্র মো. শাহ আলমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। শ্যালক ও শ্যালিকাকে নিয়ে ভগ্নিপতি রাসেদুজ্জামান লেকে গোসল করতে আসে। একপর্যায় তারা সবাই পানিতে তলিয়ে নিখোঁজ হয়। পরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।