জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর করে থানায় নেওয়া এবং থানায় দুর্ব্যবহার নিয়ে দিনভর আলোচনার পর খুলশী থানার ওসি মো. আরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার রাত ১২টার দিকে সিএমপির সহকারি কমিশনার (পিআর) আমিনুর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
শুক্রবার রাতে ঢাকা থেকে ফিরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান।
নাঈমের অভিযোগ, নগরীর লালখান বাজার মোড়ে অটোরিকশাটি থামিয়ে তাকে মারধর করেন পুলিশ সদস্যরা। এ সময় তাকে অটোরিকশায় করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।
স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশকে জানায়, তিনি ক্রিকেটার নাঈম হাসান। এরপরও পুলিশ তাকে ছাড়েনি। পরে তাকে নগরীর খুলশী থানায় নিয়ে যাওয়া হয়। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি তামিম ইকবাল ও পরিচালক ইসরাফিল খসরুর ফোন পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যান।
এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিএমপি। পাশাপাশি বিভাগীয় মামলা হবে বলেও জানান সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর করে থানায় নিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।