যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সপ্তম সিনেমা ‘আলফা’র ট্রেইলার প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের নতুন অ্যাকশন লুক প্রশংসিত হলেও, সিনেমার গল্প ও ট্রেইলারে থাকা বেশ কিছু অসংগতি বা ‘প্লট হোল’ নিয়ে সমালোচনা করছেন নেটিজেনরা।
শিব রাওয়াইল পরিচালিত এই সিনেমায় আলিয়ার বাবার ভূমিকায় অভিনয় করেছেন ববি দেওল। ট্রেইলারে দেখা যায়, ববি দেওল আলিয়াকে একজন দক্ষ গুপ্তচর হিসেবে গড়ে তুলছেন। তবে নেটিজেনদের দাবি, সিনেমার গল্পটি পরিচিত। অনেকের ধারণা, ববি দেওলই শেষ পর্যন্ত খলনায়ক হিসেবে হাজির হবেন।
এ ছাড়া ট্রেইলারে আলিয়ার হাতে ‘আলফা’ ট্যাটু আঁকা দেখানো হলেও অফিশিয়াল পোস্টারে সেটি নিখোঁজ থাকায় এডিটিংয়ের সমালোচনা চলছে। এমনকি সিনেমার পোস্টার ও কিছু দৃশ্য হলিউডের ‘ডুন’ ও ‘লা ফেম নিকিতা’ থেকে হুবহু নকল করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। আলিয়া ভাট, ববি দেওল, শর্বরী ও অনিল কাপুর অভিনীত এই অ্যাকশন সিনেমাটি আগামী ৩ জুলাই মুক্তি পাবে।