ঢাকায় বজ্রসহ বৃষ্টি ও ১০ জেলায় ঝড়ের পূর্বাভাস

ঢাকা ও এর আশপাশ এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে বজ্র বা বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে।

আজ রবিবার (১৪ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশ এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, এ সময় দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ এবং তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। আগামীকালের সূর্যোদয় হয় ভোর ৫টা ১১ মিনিটে।

আবহাওয়া অফিস জানায়, দুপুরের পর আকাশ আরও মেঘলা হতে পারে এবং কিছু কিছু এলাকায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির দেখা মিলতে পারে।

এদিকে দেশের ১০ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

রবিবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।