আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম অপসারণ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের বহির্ভাগ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অপসারণ করা হয়েছে।

দেশটির একটি ফেডারেল আদালত এই নামকরণকে ‘অবৈধ’ ঘোষণা পর শনিবার (১৩ জুন) এই কাজ শুরু হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানায় পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

কেনেডি সেন্টারের নির্বাহী পরিচালক ম্যাট ফ্লোকা আদালতে দাখিল করা এক নথিতে জানান, ভবন ও এর আশপাশে থাকা ট্রাম্পের নামসংবলিত সব সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়।

কেনেডি সেন্টারের নির্বাহী পরিচালক ম্যাট ফ্লোকা জানান, ট্রাম্পের নামসংবলিত ভবন ও প্রাঙ্গণের সব ধরনের সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। ওয়াশিংটন সময় শনিবার দুপুরের দিকে ভবনের বাইরের অংশে থাকা সাইনটি এখনও সাদা ত্রিপল দিয়ে ঢাকা ছিল, কারণ ট্রাম্পের নাম অপসারণের কাজ চলছিল।

এর আগে কেন্দ্রের পরিচালনা পর্ষদ শেষ মুহূর্তে আদালতের মাধ্যমে নাম অপসারণ ঠেকানোর চেষ্টা করলেও বিচারক সেই আবেদন খারিজ করে দেন। ফলে ট্রাম্প প্রশাসনের জন্য এটি একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প বিভিন্ন সরকারি স্থাপনা ও প্রতিষ্ঠানে নিজের নাম ও পরিচিতি যুক্ত করার যে উদ্যোগ নিয়েছিলেন, এই রায় তার বিপরীতে গেছে।

বিচারক প্রশাসনকে ১৪ দিনের মধ্যে ভবনের মার্বেল নির্মিত সামনের অংশ এবং প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট সব জায়গা থেকে ট্রাম্পের নাম সরিয়ে ফেলার নির্দেশ দেন। এরই অংশ হিসেবে কেনেডি সেন্টার কয়েক দিন আগেই তাদের ওয়েবসাইট থেকেও ট্রাম্পের নাম মুছে ফেলে।