মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক কারবারি ও একাধিক মামলার আসামি ‘শান্তির ছেলে’ খ্যাত মো. বাবু সরকার ওরফে আব্দুল জব্বারকে (৩৭) ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বৈখর পশ্চিমপাড়া এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা
ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, বাদল মণ্ডলের বাড়ির পাশের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাবু সরকার ওরফে আব্দুল জব্বার বৈখর পশ্চিমপাড়া এলাকার মৃত অফিজ উদ্দিন সরকারের ছেলে এবং শান্তি বেগমের সন্তান। তিনি স্থানীয়ভাবে ‘শান্তির ছেলে’ নামে পরিচিত।
পুলিশ জানায়, বাবুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ২৪টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
জানা যায়, গত বছরের ২ ডিসেম্বর তাকে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পেয়ে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তির হাতের কব্জি কেটে দেওয়ার ঘটনায় পুনরায় আলোচনায় আসেন।
এছাড়াও, চলতি বছরের ২১ মে পৌরসভার রনছ পারুল এলাকায় পূর্ব শত্রুতার জেরে আলমগীর মণ্ডল (৩৪) নামে এক যুবকের পায়ের রগ কেটে দেয় সন্ত্রাসী ও মাদক কারবারি বাবু। ওই ঘটনায় মামলা দায়ের করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদক ও সন্ত্রাস দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কঠোর অবস্থান বজায় রাখা হবে।