টিউবওয়েল বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় গভীর নলকূপ (টিউবওয়েল) স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মারা গেছেন।

এ ঘটনায় আরও চার শ্রমিক গুরুতর আহত হন। আহতদের দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার রণগোপালদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গুলি আউলিয়াপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. রফিক হাওলাদারের বাড়িতে একটি গভীর নলকূপ স্থাপনের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় একটি লোহার খাম্বা (পয়া) স্থাপনের সময় সেটি হেলে গিয়ে পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের প্রধান তারের ওপর পড়ে যায়। এতে শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুই শ্রমিক মারা যান। তাদের উদ্ধার করতে গিয়ে আরও চারজন আহত হন।

মৃত দুইজন হলেন- আলীপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামের রুশনে আলী প্যাদার ছেলে মো. বেল্লাল (৪০) এবং ঢাকার কদমতলী থানার মুজাহিদনগর এলাকার মো. ইউসুফ (৩০)। আহতরা হলেন- মো. রাকিব হোসেন (১৭), মো. রনি (১৮), মো. মারুফ (১৯) ও মো. রিফাত (২১)।

স্থানীয় ইউপি সদস্য আসীম সমদ্দার বলেন, গভীর নলকূপ স্থাপনের সময় লোহার খাম্বাটি বিদ্যুতের প্রধান তারে আটকে যায়। এরপর শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হন। এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।