অরুণাচলে ১৫ মসজিদ বন্ধ করলো প্রশাসন, তীব্র ক্ষোভ

ভারতের অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে উপযুক্ত কর্তৃপক্ষের আইনি অনুমতি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে ১৫টি মসজিদ সিলগালা করে দিয়েছে স্থানীয় প্রশাসন। এই পদক্ষেপের পর রাজ্যের মুসলিম সংগঠনগুলোর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। শনিবার (১৩ জুন) কলকাতার দৈনিক ‘পূবের কলম’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি ‘অরুণাচল প্রদেশ আদিবাসী যুব সংগঠন’ (এপিআইওয়াইও) নামের একটি স্থানীয় সংগঠন এসব ধর্মীয় প্রতিষ্ঠানকে অবৈধ দাবি করে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিতে ‘বনধ’ বা হরতালের ডাক দেয়। এরপরই মসজিদগুলো বন্ধ করার কঠোর পদক্ষেপ নেয় জেলা প্রশাসন। 

প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একজন সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেটের নির্দেশে জামা মসজিদসহ ইটানগর রাজধানী অঞ্চলের ১৫টি মসজিদ বন্ধ করা হয়েছে। মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা এই ঘটনার পরপরই তীব্র ক্ষোভে ফেটে পড়েন। 

অল অরুণাচল প্রদেশ মসজিদ কল্যাণ কমিটি (এএপিএমডব্লিউসি) প্রশাসনকে অবিলম্বে মসজিদগুলো খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা আইনের ‘পক্ষপাতমূলক’ প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে।

এএপিএমডব্লিউসি-র সদস্য গিয়াহ লিমপেহ সুলতান বলেন, ‘প্রশাসন যদি মসজিদের বৈধতা ও নথিপত্র খতিয়ে দেখে, তবে একই মানদণ্ড অন্য সব সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রয়োগ করা উচিত।’ 

তথ্য অধিকার আইনের (আরটিআই) বরাত দিয়ে তিনি দাবি করেন, সম্পূর্ণ আইনি অনুমোদন ছাড়া রাজধানী অঞ্চলে আরও অনেক গির্জা, গুরুদ্বার, নামঘর ও মন্দির দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। কিন্তু প্রশাসন কেবল মুসলিমদের উপাসনালয় লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে এই চাপ সৃষ্টি করছে।

কমিটির নেতারা স্পষ্ট করেছেন, তারা আইনের বিরুদ্ধে নন, তবে কেবল একটি সম্প্রদায়ের প্রতি এমন বৈষম্যমূলক আচরণের তীব্র বিরোধী।