ইউরোপের ছয়টি শহরে গাইবেন জেমস

স্টেজ পারফরম্যান্সের ক্ষেত্রে এখনো আগের মতোই দাপুটে নগরবাউল জেমস। দেশের কনসার্ট হোক বা বিদেশে, শ্রোতাদের আনন্দ-উন্মাদনায় মাতিয়ে রাখতে তার জুড়ি নেই। এবার তিনি দীর্ঘ দুই মাসের জন্য উড়াল দিচ্ছেন ইউরোপে। সেখানকার কয়েকটি দেশে গান শোনাবেন প্রবাসীদের। 

জেমসের ইউরোপ সফরের খবরটা পুরনো হলেও এতদিন দিন-তারিখ আর দেশের কথা আড়াল রেখেছিলেন। এবার সেটা প্রকাশ্যে আনলেন এই রকস্টার। ফেসবুকে উন্মুক্ত করলেন ইউরোপ ট্যুরের শিডিউল। তাতে দেখা গেল, ইউরোপের ছয়টি শহরে গাইবেন তিনি। 

শুরুটা হবে লন্ডন দিয়ে। ২৫ জুলাই যুক্তরাজ্যের এ শহরে গাইবেন জেমস। এরপর যথাক্রমে কনসার্ট করবেন পর্তুগাল (২৬ জুলাই), সাইপ্রাস (৯ আগস্ট), রোম (১৬ আগস্ট), ভেনিস (২২ আগস্ট) ও সুইডেনে (৫ সেপ্টেম্বর)। 

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘প্রায় দুই মাসের ট্যুর। এর আগে আমেরিকায় সফলভাবে ট্যুর দিয়েছিলাম আমরা। আশা করছি, ইউরোপের ট্যুরটা বেশ জাঁকজমকপূর্ণ হবে। এর মধ্যেই শুরু হয়েছে টিকিট বিক্রি। প্রবাসী বাঙালিরা অপেক্ষায় আছেন দারুণ কিছু কনসার্ট উপভোগ করার জন্য।’