মুন্সীগঞ্জে নেশাগ্রস্থ যুবকের হামলায় মা-মেয়ে ছুরিকাহত 

মুন্সীগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকায় নেশাগ্রস্ত এক যুবকের ছুরিকাঘাতে মা–মেয়ে আহত হয়েছেন। এঘটনায় নেশাগ্রস্থ যুবক মো. শান্তকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শহরের ওই এলাকার ব্যবসায়ী জনি ইসলামের বাসায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত মো. শান্ত একই এলাকার জুলমত মিয়ার ছেলে। 

আহতরা হলেন- রিতা মনি ইসলাম (৩০) এবং তার মেয়ে জান্নাতুল ইসলাম রিধি (১২)। গুরুতর অবস্থায় তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিধি শহরের নয়াগাঁও এলাকার প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আকস্মিকভাবে নেশাগ্রস্থ যুবক শান্ত ধারালো ছুরি হাতে শহরের প্রধান সড়কের নাইনটি নাইন সুপার শপের স্বত্বাধিকারী জনি ইসলামের বাসার ভেতর প্রবেশ করে। এসময় ওই ব্যবসায়ীর স্ত্রী রিতা মনি ও মেয়ে রিধির গলায় ছুরিকাঘাত করে সে। এতে মা-মেয়ে আর্তচিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে মা-মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে এলাকাবাসী নেশাগ্রস্থ যুবকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেয়।  

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে গেছে জানা কয়েকদিন আগে ওই যুবক শান্ত জনি ইসলামের কাছে দোকানে চাকরি চেয়েছিল। কিন্তু নেশাগ্রস্ত হওয়ায় তাকে কাজ দেওয়া হয়নি। এ ক্ষোভ থেকেই সে এ হামলা চালিয়েছে। যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।