সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকসহ ২ শিক্ষার্থী দগ্ধ

রাজধানীর মিরপুরে মাদরাসার ছাদে সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষক ও দুই শিক্ষার্থী দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রবিবার (১৪ জুন) সকাল ১০টার দিকে মিরপুরের রূপনগর দুয়ারীপাড়া আশরাফুল উলুম মাদরাসার ছাদে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন শিক্ষক সালমান ফারসী (২৪), দুই শিক্ষার্থী মারুফ হাসান (১৪) ও খাইরুল ইসলাম (১২)।

মাদরাসার আরেক শিক্ষক জাহিদুল ইসলাম জানান, সালমান ওই মাদরাসার শিক্ষক। মারুফ হেফজো বিভাগে ও খাইরুল কিতাব বিভাগে পড়াশুনা করে। সকালে তিনজন ছাদে মাদরাসার একটি ব্যানার টাঙাতে যায়। এসময় বাইরের তারের সঙ্গে ব্যানারের সংস্পর্শে লেগে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এরপর দ্রুত তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মারুফের শরীরের ১৮ শতাংশ, সালমানের ২ শতাংশ, ও খাইরুলের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে মারুফকে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।