জীবনের কথা বলবেন রিজিয়া পারভীন

দেশের নন্দিত কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন। ক্যারিয়ারের সূচনা থেকে আজ অবধি নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। সেইসব গল্পের কিছু নিয়ে তিনি হাজির হচ্ছেন জিটিভির শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠানে। 

আলোঘর প্রকাশনা নিবেদিত কথাসাহিত্যিক ইকবাল খন্দকারের উপস্থাপনায় ও সোহেল রানার প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ রবিবার রাত সাড়ে ৮টায়। অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘সংস্কৃতি অঙ্গনের যেসব মানুষ আমাদের নানাভাবে সমৃদ্ধ করেছেন এবং করছেন, এই অনুষ্ঠানে তারা মন খুলে নিজেদের জীবনের এমন সব কথা বলেন, যা অনেকেরই অজানা। তাই অনুষ্ঠানটির বিগত পর্বগুলো দর্শক পছন্দ করেছেন। আশা করছি এই পর্বটিও তাদের ভালো লাগবে।’ 

অতিথি রিজিয়া পারভীন বলেন, ‘আমরা যারা গানের মানুষ, তারা যেকোনো টিভি অনুষ্ঠানে গিয়ে সাধারণত গানই গাই। তবে এই অনুষ্ঠানটা গান গাওয়ার অনুষ্ঠান না। বরং জীবনের গল্প বলার অনুষ্ঠান। জীবনের গল্পই বলেছি। আশা করছি সবার ভালো লাগবে।’