দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা

সিরাজগঞ্জের দুটি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। রবিবার (১৪ জুন) দুপুর আড়াই টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার জামিন আবেদন শুনানি শেষে স্থায়ী জামিন মঞ্জুর করেন।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত জানান, এর আগে তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন। পরে দুটি মামলায় জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করেন।

রবিবার দুপুরে মুফতি আমির হামজা সিরাজগঞ্জ আদালতে পৌঁছলে আদালত চত্বরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এসময় আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে তার বিরুদ্ধে মানহানির মামলা হয়। উক্ত মামলায় নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পরে আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেন। সবশেষে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত দুটি মামলায় তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।