দিনাজপুরের নবাবগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে হীরা মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) রাত সোয়া ৩টার দিকে উপজেলার টঙ্গী শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হীরা মিয়া (৩৫) হাকিমপুর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। বর্তমানে তিনি নবাবগঞ্জ উপজেলার জাটিহার গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার টঙ্গী শ্যামপুর গ্রামের অনিল টুডুর বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করলে হীরা মিয়াকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। পরে উত্তেজিত গ্রামবাসীর গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন। এক পর্যায়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, টঙ্গী শ্যামপুর গ্রামে চুরির ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে হীরা মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।