রাবিতে ছাত্রলীগ নেতা আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কার্যক্রম চালানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতাকে আটক করেছে একদল শিক্ষার্থী।

রবিবার (১৪ জুন) বিকেল সাড়ে পাঁচটায় তাকে আটক করে প্রক্টর দপ্তরের সহায়তায় পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত ওই নেতার নাম সোলাইমান। তিনি মাদারবক্স হল শাখা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন এবং বোটানি বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, সোলাইমান সাবেক ছাত্রলীগের সময়ে আমাদের এক শিক্ষার্থীকে টর্চার সেলে নির্যাতন করেছিল। এ কারণেই সেই শিক্ষার্থী ও তার বন্ধুরা তাকে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসে। এছাড়াও ছাত্রলীগ সক্রিয়করণের বিভিন্ন কার্যক্রমের সাথে তার সম্পৃক্ততা ছিল বলে তথ্য পাওয়া গেছে। পরে মতিহার থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, সোলাইমান মোবাইলের মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন গোপন কার্যক্রম চালাচ্ছিল। তারা বিভিন্ন গোপন মিটিংয়ের মাধ্যমে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এবিষয়ে তথ্য পাওয়ার পরই আমরা ক্যাম্পাস থেকে তাকে আটক করি।