জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বক্তব্যকে “আপত্তিকর, অবমাননাকর ও কুরুচিপূর্ণ” আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১৪ জুন) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন, ইসলামের অন্যতম ফরজ বিধান পর্দা সম্পর্কে জাতীয় সংসদের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িয়ে মনিরুল হক চৌধুরী যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত এবং মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল।
মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনের আলোচনায় নির্ধারিত বাজেট বিষয় থেকে সরে গিয়ে মনিরুল হক চৌধুরী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমালোচনা করেন।
এ সময় তিনি ২০০৪ সালের একটি পারিবারিক দাওয়াতের প্রসঙ্গ তুলে ধরেন এবং নারী সংসদ সদস্যদের পোশাক ও পর্দা নিয়ে ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্য করেন বলে অভিযোগ করেন তিনি।
বিবৃতিতে বলা হয়, একজন আইনপ্রণেতার মুখ থেকে সংসদ অধিবেশনে এ ধরনের অশালীন ও অসংযত বক্তব্য প্রত্যাশিত নয়। তার এ মন্তব্যের ফলে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয় এবং অধিবেশন কক্ষে হট্টগোল ও বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব ঘটে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে হস্তক্ষেপ করতে হয়েছে। তিনি সংসদের মর্যাদা রক্ষায় ডেপুটি স্পিকারের অবস্থান এবং বিতর্কিত বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জাতীয় সংসদে দাঁড়িয়ে ইসলামের একটি মৌলিক বিধান এবং নারীদের মর্যাদা ক্ষুণ্ন করার যে চেষ্টা করা হয়েছে, তা সংশ্লিষ্ট সংসদ সদস্যের রাজনৈতিক দেউলিয়াত্ব ও সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ। একজন রাজনীতিবিদের মূল দায়িত্ব দেশের বাজেট, অর্থনীতি ও জনকল্যাণ নিয়ে কথা বলা, ব্যক্তিগত আক্রমণ বা ধর্মীয় বিধানকে উপহাস করা নয়।
বিবৃতিতে তিনি মনিরুল হক চৌধুরীকে ভবিষ্যতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বা নারীদের মর্যাদাহানিকর এমন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে সংসদের পবিত্রতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সব সংসদ সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।