বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে এপিক ব্লাড ব্যাংক একটি সচেতনতামূলক সেমিনার ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে নিরাপদ রক্ত সঞ্চালন, স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব এবং রক্তদাতা ও গ্রহীতার নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ার লিমিটেডের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. নাসরিন আখতার। তিনি তার বক্তব্যে নিরাপদ ট্রান্সফিউশনের গুরুত্ব তুলে ধরে বলেন, নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত করতে সচেতন রক্তদাতা, আধুনিক স্ক্রিনিং ব্যবস্থা এবং মানসম্পন্ন ব্লাড ব্যাংকিং কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ার লিমিটেডের ডিরেক্টর অপারেশনস ডা. আব্দুর রাজ্জাক খান। তিনি স্বেচ্ছায় রক্তদানকে মানবতার সেবায় এক অনন্য উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং সকলকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ার লিমিটেডের ডি.জি.এম. ডা. সোমেন পালিত, চট্টগ্রামের বিভিন্ন স্বেচ্ছাসেবী রক্তদানকারী সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ, স্বাস্থ্যসেবা পেশাজীবী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ।
সেমিনারের পাশাপাশি আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। বক্তারা রক্তদানের মাধ্যমে জীবন বাঁচানোর এই মহৎ উদ্যোগকে আরও বিস্তৃত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশ্ব রক্তদাতা দিবসের এই আয়োজনের মাধ্যমে এপিক ব্লাড ব্যাংক নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিতকরণ এবং স্বেচ্ছায় রক্তদান বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।