টানা দুই দশক পর্দা থেকে দূরে। ভক্ত-অনুরাগী এমনকি দেশ থেকেও দূরে রয়েছেন তিনি। সিনেমা ছেড়ে সপরিবারে দুই মেয়ে সুমি ও ঊর্মি এবং এক ছেলে নাহিনকে নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সংসারের পাশাপাশি মন দিয়েছেন ধর্মে-কর্মে। কিন্তু যেখানেই তিনি থাকুন না কেন শাবানা তো শাবানাই। পুরো নাম আফরোজা সুলতানা রতœা হলেও সবার কাছে তিনি কেবল ওই একটি নামেই পরিচিত। নামের সঙ্গে কোনো বিশেষণেরও প্রয়োজন পড়ে না তার পরিচয়ের ক্ষেত্রে। দেশের চলচ্চিত্রাকাশে ধ্রুবতারা হয়ে জ্বলজ্বল করছেন তিনি। তিন শতাধিক সিনেমায় অভিনয় করে সফলতার ঝুলিতে ভরেছেন ১১ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আজ এই জীবন্ত কিংবদন্তির জন্মদিন। অসংখ্য জনপ্রিয় এই অভিনেত্রী ও প্রযোজক পা রাখলেন জীবনের ৭৫তম বসন্তে। ১৯৫২ সালের এই দিনে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ তিনি। প্লাটিনাম জয়ন্তী হলেও প্রতিবারের মতোই সাদামাটাভাবে নিজের জন্মদিন পালন করবেন বলে জানিয়েছেন এই তারকা।
আমেরিকায় থাকলেও মাঝে-মধ্যে চুপিসারে দেশে আসেন শাবানা। শেষবার যখন ঢাকায় এসেছিলেন, তখন বিশেষ ব্যবস্থায় কয়েকজন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগ দিয়েছিলেন তিনি। অল্প সময়ে খুব দ্রুত কয়েকটি প্রশ্নও ছুড়ে দেওয়া হয় তাকে। শাবানা বলেন, ‘এখন আমি পুরোপুরি পরিবারিক মানুষ। পরিবার নিয়েই সময় কাটে। নাতি-নাতনিদের নিয়ে খেলা করে, আড্ডা দিয়েই সময় পার করি। আমার সঙ্গী তারা। মাঝে মাঝে দেশে আসছি। আত্মীয়-স্বজন, সিনেমার পুরনো মানুষজনদের সঙ্গে দেখা হয়। সময়টা বেশ ভালোই কাটে।’
সাড়া জাগানো এই তারকা আরও বলেন, ‘সাধারণত মানুষ তার জীবনে অতীতের সুন্দর সময়টা অনুভব করে বেশি। আমিও তার বাইরে নই। একদিন অনেক সুন্দর সময় গেছে। ব্যস্ততায় ভরপুর ছিল সবকিছু। মাসের ত্রিশ দিনই ক্যামেরার সামনে থাকতে হয়েছে। সেই দিনগুলো খুব অনুভব করি। দেশের মানুষের এত ভালোবাসা পেয়েছি। এখনো আমাকে দেখে তাদের চোখেমুখে যে আনন্দ ও তৃপ্তির ছাপ থাকে সেটা ভাষায় বোঝাতে পারব না।’
প্রসঙ্গত, চলচ্চিত্রে ৩০ বছর ধরে শাবানা রাজত্ব করেছিলেন। একাধারে এতটা সময় রাজত্ব আর কোনো তারকা করতে পারেননি। তার অভিনীত সিনেমার সংখ্যা ২৯৯টি। ক্যারিয়ারে নাদিম, রাজ্জাক, আলমগীর, ফারুক, জসীম, সোহেল রানার সঙ্গে জুটি বেঁধে উপহার দেন জনপ্রিয় অনেক ছবি।
তার জন্মদিনে কীর্তনখোলার পক্ষ থেকে শুভেচ্ছা।