পাবনায় ধর্ষণচেষ্টা 

যুবদল নেতা আবুল কাশেম বহিষ্কার

পাবনার আতাইকুলায় স্কুল শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৫ জুন) ভোরে সিরাজগঞ্জের  শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

একই সঙ্গে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (১৪ জুন)  রাতে ইউনিয়ন যুবদলের সভাপতি একতাশামুল হক রাজিব ও সাধারণ সম্পাদক বিল্লাল সরদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয় এবং তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়।

গ্রেপ্তার আবুল কাশেম পাবনার আতাইকুলা থানা এলাকার আড়িয়াডাংগী গ্রামের মৃত নিজামুদ্দিন শেখের ছেলে এবং আতাইকুলা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা রবিবার  ১৪ জুন)  সারারাত অভিযান চালিয়েছি। ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে আমরা তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি। এবিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

১১ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠে আবুল কাশেমের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন শিক্ষার্থীর মা বাদী হয়ে কাশেম শেখকে অভিযুক্ত করে আতাইকুলা থানায় মামলা দায়ের করে।  এ ঘটনার প্রতিবাদে ও দোষীকে গ্রেপ্তারের দাবিতে রবিবার (১৪ জুন) অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে স্থানীয়রা।