গোপালগঞ্জে বালুভর্তি ট্রাকসহ বেইলি ব্রিজ খালে, জনভোগান্তি চরমে

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি ঘটনার একদিন পরেও উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার (১৫ জুন) দুপুর পর্যন্ত ট্রাকটি খালের পানিতেই পড়ে ছিল। তবে ট্রাকটি উদ্ধারে স্থানীয়ভাবে সনাতনী পদ্ধতিতে টেনে তোলার প্রস্তুতি চলছে।

অন্যদিকে, ভেঙে যাওয়া বেইলি ব্রিজ পুনর্নির্মাণের কাজ সোমবার সকাল থেকেই শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে ব্রিজটি পুনর্নির্মাণ করা সম্ভব হতে পারে।

ব্রিজটি ভেঙে পড়ায় পাচুড়িয়া, ঘোনাপাড়া ও আশপাশের এলাকার কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিকল্প সড়ক ব্যবহার করে অতিরিক্ত পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগী পরিবহনে ভোগান্তি বেড়েছে।

ভুক্তভোগী ইজিবাইক চালক মো. রফিক শেখ বলেন, হঠাৎ করেই ব্রিজটা ভেঙে নিচে পড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই আমার ইজিবাইকসহ খালে পড়ে যাই। অনেক কষ্টে প্রাণে বেঁচেছি। স্থানীয়দের সহায়তায় গতকাল রাতে ইজিবাইকটি উদ্ধার করা সম্ভব হয়েছে। 

স্থানীয় বাসিন্দা শিউলি বেগম বলেন, ৪ বছর আগে এখনকার মূল সড়কটি কেটে পাচুরিয়া খাল ও মধুমতি খালের সংযোগ দেওয়া হয়। এতে মানুষের কাজে আসেনি এই খালের সংযোগ। বরং বেইলি ব্রিজ দেয়ায় দুর্ভোগ বেড়েছে। তারপরও এই ব্রিজ দিয়েই প্রতিদিন বাজার ও শহরে যাতায়াত করি। ব্রিজ ভেঙে যাওয়ায় এখন অনেক ঘুরে যেতে হচ্ছে। দ্রুত ব্রিজটি ঠিক করা খুব জরুরি।

উল্লেখ্য, রবিবার (১৪ জুন) সকাল ৮টার দিকে বালুভর্তি একটি ট্রাক শহরের দিক থেকে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিল। পাচুড়িয়া এলাকার বেইলি ব্রিজটি পার হওয়ার সময় হঠাৎ ব্রিজটি ভেঙে ট্রাকটি খালের পানিতে পড়ে যায়। এ সময় একটি ইজিবাইক ও একটি বাইসাইকেলও খালে পড়ে যায়। ঘটনায় ট্রাক চালক, হেলপার ও ইজিবাইক চালক আহত হন।